কৃষকের ভাগ্য পরিবর্তন ও জীবনমান উন্নয়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং সরকার গঠনের পর তা দ্রুত বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। তিনি বলেন, “আল্লাহর রহমতে আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছি।”
বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার দেশের প্রতিটি কৃষকের কাছে পৌঁছাতে চায়। তার ভাষায়, কৃষক বলতে শুধু ধানচাষি নয়—মৎস্যচাষি ও গবাদিপশু পালনকারীরাও এই আওতায় অন্তর্ভুক্ত।
তিনি আরও বলেন, নির্বাচনের সময় গ্রামে গিয়ে কৃষকদের কাছ থেকে ভোট চাওয়া হয়েছে এবং তাদের বাস্তব অবস্থা সম্পর্কে সরকার অবগত। কৃষকদের উন্নয়নে নেওয়া উদ্যোগ ভবিষ্যত প্রজন্ম আরও এগিয়ে নিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।