দখলমুক্ত করে খাল উদ্ধার করবে সরকার: মন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
ছবি: পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

সারাদেশে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে দখল হয়ে যাওয়া খালের জায়গা উদ্ধার করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার (১১ এপ্রিল) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নে ইছেরদাড়ি খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর সময় থেকে দেশে খাল খনন কার্যক্রম শুরু হয়। এরপর বিভিন্ন সরকার এ বিষয়ে গুরুত্ব দিলেও দীর্ঘদিন খনন না হওয়ায় পলি জমে অনেক খাল ভরাট হয়ে গেছে।

তিনি জানান, খালের জায়গা দখল করে কোথাও মাছ চাষ, কোথাও ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বসতবাড়ি গড়ে তোলা হয়েছে। এমনকি কিছু জায়গায় সরকারি স্থাপনাও নির্মিত হয়েছে। এসব অবৈধ দখল উচ্ছেদ করে খালের জায়গা পুনরুদ্ধারে সরকার কাজ করছে।

মন্ত্রী আরও বলেন, খালের জমি জনগণের সম্পদ। জেলা প্রশাসকের অনুমতি ছাড়া এ জমি দখল বা ব্যবহার বৈধ নয়। অতীতে নানা অনিয়ম হলেও এখন দখলমুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রে সরকার ও বিরোধী দল উভয়েরই দায়িত্বশীল ভূমিকা থাকা জরুরি। দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে সবাইকে সজাগ থাকতে হবে, না হলে সংসদীয় পরিবেশ অস্থির হয়ে উঠতে পারে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকারের প্রথম কেবিনেট সভায় কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সবার জন্য স্বাস্থ্য ও শিক্ষা কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শুধু শহরভিত্তিক উন্নয়ন নয়, গ্রামাঞ্চলের উন্নয়নেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং এ বিষয়ে সরকার পাহারাদারের ভূমিকা পালন করছে।

এর আগে শনিবার দুপুরে ইছেরদাড়ি খালের মাটি কেটে খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী। পরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, পুলিশ সুপার রুহুল কবীর খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।

সম্পর্কিত