রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন শহরের পার্ক ও খেলার মাঠ দখলদার, হকার ও মাদকসেবীদের কবল থেকে পর্যায়ক্রমে উদ্ধার করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে উত্থাপিত এক নোটিশের জবাবে তিনি এ কথা বলেন। নোটিশটি উত্থাপন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
মন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে অনেক খেলার মাঠ ও উন্মুক্ত স্থান দলীয় প্রভাব খাটিয়ে দখল করা হয়েছিল। বর্তমান সরকার সেসব উদ্ধার করে পুনরায় খেলার উপযোগী পরিবেশ ফিরিয়ে আনার কাজ করছে।
তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় থাকা ২৫৬টি পার্ক ও খেলার মাঠ ধাপে ধাপে উদ্ধার ও সংস্কারের মাধ্যমে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে। এর মধ্যে মালিটোলা পার্ক, নবাবগঞ্জ পার্ক, যাত্রাবাড়ী শিশু পার্ক, রসুলবাগ পার্ক ও জোড়পুকুর খেলার মাঠের উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। ওসমানী উদ্যানসহ আরও কয়েকটি প্রকল্পের কাজ চলমান রয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৮টি পার্ক ও মাঠ ইতোমধ্যে আধুনিকায়ন করে উন্মুক্ত করা হয়েছে বলেও তিনি জানান। এসব স্থান দখলমুক্ত রাখতে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।
চট্টগ্রাম ও খুলনায় উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডে একটি করে পার্ক ও খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে পাঁচটির কাজ চলছে এবং একটি প্রকল্প শেষ হয়েছে। খুলনায়ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন নয়, খেলাধুলার প্রসারের মাধ্যমে তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সরকার কাজ করছে। প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা ইতোমধ্যে জনপ্রিয়তা পেয়েছে।
এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদক সমস্যা এখন জাতীয় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ সমস্যা মোকাবিলা করা হবে।