দেশে সরকারি চাকরিতে বর্তমানে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী।
বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে শেখ মো. রেজাউল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।
তিনি জানান, বর্তমানে দেশে সরকারি চাকরিতে মোট ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন কর্মরত রয়েছেন। এর মধ্যে প্রথম শ্রেণিতে ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন, দ্বিতীয় শ্রেণিতে ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জন, তৃতীয় শ্রেণিতে ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জন এবং চতুর্থ শ্রেণিতে ৪ লাখ ৪ হাজার ৫৫৭ জন কর্মরত আছেন। এছাড়া অন্যান্য শ্রেণিতে কর্মরত রয়েছেন ৭ হাজার ৯৮০ জন।
শূন্য পদের বিস্তারিত তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রথম শ্রেণিতে ৬৮ হাজার ৮৮৪টি, দ্বিতীয় শ্রেণিতে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি, তৃতীয় শ্রেণিতে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি, চতুর্থ শ্রেণিতে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি এবং অন্যান্য শ্রেণিতে ৮ হাজার ১৩৬টি পদ শূন্য রয়েছে।
সরকারি চাকরিতে বিপুলসংখ্যক শূন্য পদ থাকায় দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার প্রয়োজনীয়তা রয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।