বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, বিগত ১৭–১৮ বছরে দেশে নতুন কোনো গ্যাসকূপ খনন করা হয়নি। বর্তমান সরকার দেশি-বিদেশি কোম্পানিগুলোকে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে বিনিয়োগের আহ্বান জানিয়েছে।
বুধবার (১০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর উত্থাপিত ‘নাটোর জেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন কলকারখানা ও বাসাবাড়িতে গ্যাস সংযোগ প্রদান’ সংক্রান্ত জরুরি জন-গুরুত্বপূর্ণ নোটিশের জবাবে তিনি এসব কথা বলেন।
জ্বালানিমন্ত্রী বলেন, ২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে উত্তরাঞ্চলে গ্যাস সরবরাহের লক্ষ্যে উত্তরাঞ্চল গ্যাস সঞ্চালন কোম্পানি গঠন করা হয়েছিল এবং কাজও শুরু হয়েছিল। তবে ২০১২ সালে প্রকল্পটি বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, দেশে গ্যাসের সরবরাহ ক্রমান্বয়ে কমে যাচ্ছে, যার প্রধান কারণ দীর্ঘ সময় ধরে নতুন গ্যাসকূপ না খনন করা। নিয়মিত অনুসন্ধান ও খনন কার্যক্রম চালানো হলে দেশের গ্যাস সম্পদ আরও কার্যকরভাবে কাজে লাগানো যেত।
মন্ত্রী আরও জানান, সমুদ্রসীমা নির্ধারণের পরও অফশোর এলাকায় গ্যাস ও তেল অনুসন্ধান প্রত্যাশিত মাত্রায় এগোয়নি। অথচ প্রতিবেশী দেশগুলো সমুদ্রসম্পদ ব্যবহার করে অর্থনৈতিক সুবিধা নিচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নির্বাচনী অঙ্গীকার ও ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় অফশোর ও অনশোর এলাকায় গ্যাস অনুসন্ধান জোরদার করেছে। দেশি-বিদেশি কোম্পানিগুলোকে এ খাতে বিনিয়োগে আহ্বান জানানো হয়েছে।
এছাড়া বাপেক্সের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিদ্যমান রিগের সঙ্গে আরও পাঁচটি রিগ যুক্ত করে দ্রুত গ্যাসকূপ খননের পরিকল্পনা রয়েছে।
নাটোরে গ্যাস সংযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার ও উৎপাদন বৃদ্ধি পেলে পূর্বের স্থগিত প্রকল্পগুলো পুনরায় বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। নাটোরেও গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।