আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটির ঘোষণা করেছে। এতে ঈদের মোট ছুটি হবে সাত দিন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিসভা বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
প্রতিমন্ত্রী জানান, ১৮ মার্চকে ছুটির দিন ঘোষণা করা হয়েছে কারণ ১৭ মার্চ শবে কদরের ছুটি। পূর্বে ১৮ তারিখ কর্মদিবস হিসেবে খোলা ছিল।
চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিমধ্যেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছিল—১৯ থেকে ২৩ মার্চ। এর মধ্যে ২১ মার্চ ঈদের দিন। এছাড়া ১৯ ও ২০ মার্চ ঈদের আগে, এবং ২২ ও ২৩ মার্চ ঈদের পর ছুটি রাখা হয়েছিল।
১৮ মার্চও ছুটি ঘোষণার ফলে ঈদের আগে ছুটি চার দিন হবে। ঈদের দিন ও পরের দুই দিন মিলিয়ে এবার ঈদের মোট ছুটি দাঁড়াচ্ছে সাত দিন।