ঈদের ছুটিতেও রাজধানীর পাম্পে তেলের দীর্ঘ সারি

স্টাফ রিপোর্টার
ঈদের ছুটির মধ্যেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য যানবাহনের দীর্ঘ সারি। ছবি: সংগৃহীত
ঈদের ছুটির মধ্যেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য যানবাহনের দীর্ঘ সারি। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুরু হয়েছে টানা সাত দিনের সরকারি ছুটি। ছুটির এই দিনেও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে রাজধানীর আসাদ গেট এলাকার সোনার বাংলা সার্ভিস স্টেশনে গিয়ে দেখা যায়, জ্বালানি তেল নিতে প্রায় এক কিলোমিটারজুড়ে সারি দাঁড়িয়ে আছে মোটরসাইকেল, প্রাইভেট কার, মিনি বাস ও পিকআপসহ বিভিন্ন যানবাহন।

তবে অন্যান্য দিনের তুলনায় মোটরসাইকেলের সারি কিছুটা ছোট দেখা গেছে। প্রাইভেট কারের চালক মো. জসিম জানান, অন্য দিন আরও বেশি সময় অপেক্ষা করতে হতো। আজ তুলনামূলক কম সময় অপেক্ষা করেই তেল পাওয়া যাচ্ছে।

অন্যদিকে তালুকদার ফিলিং স্টেশন-এ সকাল থেকে তেল সরবরাহ চললেও সকাল ১০টার কিছু আগে তেল শেষ হয়ে যাওয়ায় সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। সেখানে শতাধিক যানবাহন তেল নেওয়ার অপেক্ষায় ছিল। স্টেশনটির ক্যাশিয়ার মো. আজম বলেন, তেল শেষ হয়ে যাওয়ায় আপাতত সরবরাহ বন্ধ রাখা হয়েছে। নতুন তেল এলে আবার দেওয়া হবে।

এদিকে বিজয় সরণি এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনেও দীর্ঘ সারি দেখা গেছে। সেখানে মোটরসাইকেলের সারি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত এবং প্রাইভেট কারের সারি জাহাঙ্গীর গেট পর্যন্ত পৌঁছে যায়।

রাইড শেয়ারিং চালক রাসেল আহমেদ বলেন, ঈদের ছুটিতে তিনি মোটরসাইকেলে করে পাবনায় গ্রামের বাড়ি যাবেন। তাই সময় লাগলেও ট্যাঙ্ক ভর্তি করতে লাইনে দাঁড়িয়ে আছেন। তিনি জানান, গ্রামাঞ্চলে তেলের সংকটের আশঙ্কা থাকায় আগেই জ্বালানি সংগ্রহ করতে অনেকেই পাম্পে ভিড় করছেন।

সম্পর্কিত