এখন কথা কম হবে, কাজ হবে বেশি—এমন মন্তব্য করে রাজধানীর ঢাকা-১৮ আসনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়ক ও ড্রেনেজ সংস্কারকাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
রোববার (২৬ জুলাই) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়ক ও ড্রেন সংস্কারকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, রাজধানীর ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কারকাজ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। জনগণের দুর্ভোগ কমাতে উন্নয়নকাজে আরও গতি আনা হবে।
তিনি বলেন, বর্তমান সরকারের মানবিক উদ্যোগের ধারাবাহিকতায় জনগণের কল্যাণে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। সাম্প্রতিক কয়েক দিনের ভারী বর্ষণের কারণে সংস্কারকাজ কিছুটা ব্যাহত হলেও সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত কাজ শেষ করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
মো. শফিকুল ইসলাম খান আরও বলেন, এলাকার মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে স্থানীয় সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করা হয়েছে। জনভোগান্তি কমাতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সংবাদমাধ্যমের মাধ্যমে এলাকার জনদুর্ভোগের বিষয়টি জানতে পেরে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।