কুমিল্লার দেবীদ্বার এলাকায় মহাসড়কের বেহাল অবস্থাকে ‘মৃত্যুর মিছিল’ আখ্যা দিয়ে জাতীয় সংসদে আবেগঘন বক্তব্য দিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি দ্রুত সড়কটি প্রশস্ত করার জোর দাবি জানান।
এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
হাসনাত আবদুল্লাহ বলেন, দেবীদ্বার এলাকার সড়কটি প্রতিদিনই দুর্ঘটনার কারণে মৃত্যুর মিছিলে পরিণত হচ্ছে। শুধু চলতি মাসেই সড়ক দুর্ঘটনায় ২৩ জন মানুষের প্রাণহানি ঘটেছে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে তারা বিভিন্ন প্রশাসনিক জটিলতার কথা উল্লেখ করেন। অথচ গত ১০ থেকে ১২ বছর ধরে এই গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নে দৃশ্যমান কোনো কাজ হয়নি।
সংসদ সদস্য আরও জানান, লাইন অব ক্রেডিট (এলওসি) প্রকল্পের আওতায় সড়কটি ছয় লেনে উন্নীত করার কথা থাকলেও বর্তমানে এটি মাত্র ১৮ ফুট প্রস্থে সীমাবদ্ধ রয়েছে। এতে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
তিনি বলেন, “এই রাস্তা ১০ লাখ মানুষের প্রাণ বাঁচাবে, আপনাদের কাছে আমি ভিক্ষা চাই—দ্রুত রাস্তাটি করে দিন।”
এলাকার মানুষের ক্ষোভের কথাও তুলে ধরে তিনি বলেন, উন্নয়ন না হওয়ায় জনগণের কাছে জবাবদিহির মুখে পড়তে হচ্ছে তাকে। দ্রুত সড়ক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।