চামড়া সংরক্ষণে ২২ হাজার মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, ইতোমধ্যে দেশে ২০ থেকে ২২ হাজার মানুষকে চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সোমবার (২৫ মে) কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে কোরবানির সময় সংগৃহীত মোট চামড়ার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই বি-গ্রেডের হয়ে থাকে। পশুর শরীর থেকে চামড়া ছাড়ানোর সময় অসতর্কতার কারণে অনেক ক্ষেত্রে চামড়ার গুণগত মান নষ্ট হয়।

তিনি আরও বলেন, এ বছর কতটুকু চামড়া সংরক্ষণ করা সম্ভব হবে তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আগামী বছর পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। এজন্য চামড়া সংরক্ষণে ব্যাপক প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী জানান, কাঁচা চামড়া অত্যন্ত সংবেদনশীল পণ্য। সময়মতো ও সঠিক পরিমাণে লবণ ব্যবহার না করলে চামড়া দ্রুত নষ্ট হয়ে যায়। ব্যবস্থাপনা উন্নত করা গেলে ট্যানারি মালিকরাও বেশি দামে চামড়া কিনবেন।

তিনি বলেন, দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ কৃষির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। কৃষির উন্নয়ন হলে মানুষের অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে।

অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, অতীতে কৃষকরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন। বর্তমান সরকার কৃষকদের সেই পরিস্থিতি থেকে বের করে আনতে কাজ করছে।

অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ও চারা বিতরণ করা হয়। এর মধ্যে ছিল থাইল্যান্ডের ব্যানানা জাতের আমের চারা, ধান কাটার যন্ত্র, ভুট্টা মাড়াই যন্ত্র, এলএলপি এবং হ্যান্ড স্প্রেয়ার।

এ সময় কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম এবং সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত