সরকারের সমালোচনা কোনো অপরাধ নয়। তবে রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন।
রোববার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, সভ্যতার ইতিহাসে সাংবাদিকতা এমন একটি অবস্থানে পৌঁছেছে যে কাগজে-কলমে রাষ্ট্রের কোনো অঙ্গ না হলেও এটি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।
তিনি বলেন, সাংবাদিকতার দায়িত্ব শুধু তথ্য সংগ্রহ বা সত্য অনুসন্ধানের মধ্যে সীমাবদ্ধ নয়। উদ্ঘাটিত সত্যকে জনকল্যাণের পথে পরিচালিত করাও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামনে নির্দিষ্ট লক্ষ্য থাকলে বস্তুনিষ্ঠতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে।
জহির উদ্দীন স্বপন বলেন, অনুসন্ধানের মাধ্যমে বেরিয়ে আসা সত্য যখন ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা পূর্বনির্ধারিত লক্ষ্যকে চ্যালেঞ্জ জানায়, তখন সাংবাদিকতা কঠিন পরীক্ষার মুখোমুখি হয়। এ পরিস্থিতিতে বস্তুনিষ্ঠতা ও পেশাগত দায়িত্ব বজায় রাখা সাংবাদিকদের জন্য গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, আধুনিক শাসনব্যবস্থায় রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ উপকরণ। একজন শাসক রাষ্ট্রীয় ক্ষমতাকে জনকল্যাণে ব্যবহার করবেন, নাকি নিপীড়নের হাতিয়ার হিসেবে কাজে লাগাবেন—তা তার উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে।
তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি নিশ্চিত করা জরুরি। জবাবদিহির বিষয়টি সংশ্লিষ্ট সবার কাছে স্পষ্ট না থাকলে রাষ্ট্র পরিচালনা দিকনির্দেশনাহীন হয়ে পড়তে পারে।
আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন নিউ এজের সম্পাদক নুরুল কবীর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুব রহমান। এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।