আগামী বছরেই শেষ হবে খাল খনন কর্মসূচি: কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।
ছবি: কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চলমান খাল খনন কর্মসূচি আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, কর্মসূচির কাজ যথাসময়ে শেষ করতে সংশ্লিষ্ট সব বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরগুলো নিজ নিজ দায়িত্ব পালনে কাজ করে যাচ্ছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কুমিল্লা অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা ও উপকূলীয় অঞ্চলের কৃষকদের ক্ষয়ক্ষতি কমাতে নতুন ১১৮টি জাতের ধানের বীজ সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপে কৃষকদের মধ্যে ৩০ টন বীজ বিতরণ করা হবে।

তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের কৃষকদের জন্য লবণাক্ততা সহনশীল নতুন জাতের ধান উদ্ভাবনের কাজও চলমান রয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কৃষকদের উপযোগী ও সহনশীল ফসলের জাত উদ্ভাবনে গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, কৃষিবিজ্ঞানীরা নতুন জাতের ধান উদ্ভাবন এবং কৃষি উৎপাদন বাড়াতে নিরলসভাবে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতেও আরও সহনশীল ও উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সভায় কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তারসহ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত