আবার চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইটঃ বিমানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)
ছবি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা (জাপান) সরাসরি ফ্লাইট। সরকারের প্রত্যাশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, পর্যটন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার হবে।

রোববার (২৬ জুলাই) দিবাগত রাত ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-নারিতা রুটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)।

মন্ত্রী বলেন, ভবিষ্যতে এই রুট আর বন্ধ করার প্রশ্নই আসে না। উদ্বোধনী ফ্লাইটের সব আসন ইতোমধ্যে বুকিং হয়েছে। এছাড়া ফিরতি ফ্লাইট এবং পরবর্তী কয়েকটি ফ্লাইটেরও অগ্রিম বুকিং সম্পন্ন হয়েছে। জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যেও এ রুট চালু হওয়ায় ব্যাপক উৎসাহ দেখা গেছে।

তিনি আরও বলেন, ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর ফলে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ সহজ হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময় আরও বৃদ্ধি পাবে। বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কও এ উদ্যোগের মাধ্যমে আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আফরোজা খানম বলেন, যাত্রী চাহিদা, প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজন এবং বাণিজ্যিক সম্ভাবনা বিবেচনায় সরকার ভবিষ্যতে নতুন আন্তর্জাতিক রুট চালুর উদ্যোগ নেবে। সম্ভাবনাময় কোনো আন্তর্জাতিক রুট বন্ধ করার পরিকল্পনা সরকারের নেই।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আধুনিক ও প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে বহর সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ভবিষ্যতে বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের উড়োজাহাজও বহরে যুক্ত করা হবে। সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বিমানের বহর ৫০টি উড়োজাহাজে উন্নীত করা।

এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), জাপান দূতাবাস এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অলাভজনক হওয়ায় ২০২৫ সালের ১ জুলাই অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট বন্ধ করা হয়েছিল। প্রায় এক বছর পর রুটটি পুনরায় চালু হওয়ায় বাংলাদেশ-জাপান আকাশপথে যোগাযোগে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত