বরিশালে পরিচ্ছন্নতাকর্মীদের বোনাস না পাওয়ায় কর্মবিরতি

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঈদের আগে বোনাস ও পূর্ণ ৩০ দিনের বেতনের দাবিতে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা কর্মবিরতি পালন করছেন। তাদের এই কর্মবিরতির কারণে নগর জুড়ে ময়লা জমে রয়েছে এবং দুর্গন্ধে নগরবাসীর যাতায়াতও প্রভাবিত হচ্ছে।

কর্মবিরতি চলাকালে বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করে পরিচ্ছন্নতাকর্মীরা। মঙ্গলবার (১০ মার্চ) রাতেও আমানতগঞ্জ এলাকার সিটি করপোরেশনের যান্ত্রিক শাখা অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা।

পরিচ্ছন্নতাকর্মীরা অভিযোগ করেছেন, বিগত দিনে বেতন ও বোনাস দেওয়া হলেও এবার তাদের বোনাস দেওয়া হবে না এবং ৩০ দিন কাজ করার পরও বেতন ২২ দিনের হিসাব অনুযায়ী দেওয়া হচ্ছে। শ্রমিকরা দাবি করছেন, তারা মশকনিধন, ড্রেন পরিষ্কার এবং রাস্তা পরিষ্কার রেখে নগর পরিষ্কার রাখেন, অথচ উৎসবের সময় বোনাস থেকে বঞ্চিত হচ্ছেন।

বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী জানিয়েছেন, দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের ঈদ বোনাস না দেওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তাই এই মুহূর্তে কোনো বোনাস দেওয়ার সুযোগ নেই।

সিটি করপোরেশনে বর্তমানে ৩৯৪ জন পরিচ্ছন্নতা কর্মী এবং ৩১৪ জন ঝাড়ুদার কাজ করছেন। পরিচ্ছন্নতাকর্মীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।

সম্পর্কিত