সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪৪ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) মো. মতিউর রহমান (৭১) নামে আরও একজন হাজির মৃত্যুর মধ্য দিয়ে এ সংখ্যা বেড়েছে।
মো. মতিউর রহমান নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্প ডেস্ক প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, সৌদি আরবে মৃত্যুবরণকারী ৪৪ জন হাজির মধ্যে ২৯ জন পুরুষ এবং ১৫ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৪ জন ও মদিনায় ১০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে মঙ্গলবার দিনগত রাত ৩টা পর্যন্ত ৫২টি ফিরতি ফ্লাইটে মোট ২১ হাজার ৩৪৩ জন হাজি বাংলাদেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৫০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৮ হাজার ৮৪৩ জন রয়েছেন।
ফিরতি ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫টি, সৌদি এয়ারলাইনস ১৮টি এবং ফ্লাইনাস ১৯টি ফ্লাইট পরিচালনা করেছে।
হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ২৪৯ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। বর্তমানে ৩২ জন হাজি দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করেছেন।
গত ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে। অন্যদিকে দেশে ফেরার ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে ৩০ মে থেকে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।