মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন সময়সূচি অনুযায়ী, আজ রোববার (৫ এপ্রিল) থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
শনিবার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। তবে জরুরি পরিষেবাগুলো এ সময়সূচির বাইরে থাকবে।
এতে আরও বলা হয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচিও সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আর ব্যাংকিং লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট এবং শিল্প-কারখানার কর্মঘণ্টা নির্ধারণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।