সৌদিতে পৌঁছেছেন ৩২ হাজার হজযাত্রী

 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে হজযাত্রীদের যাত্রা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ বিষয়ক বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, এ পর্যন্ত মোট ৮১টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি পৌঁছান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি ফ্লাইটে গেছেন ১৩ হাজার ৬৮৪ জন। সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস (সাউদিয়া)-এর ৩০টি ফ্লাইটে পৌঁছেছেন ১১ হাজার ২৯৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী জেদ্দায় পৌঁছেছেন।

এদিকে, চলতি বছর হজ পালনে গিয়ে এখন পর্যন্ত দুই বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তারা হলেন টাঙ্গাইল সদর উপজেলার মো. আবুল কাশেম এবং জয়পুরহাট সদর উপজেলার মো. নইম উদ্দীন মন্ডল। এর মধ্যে আবুল কাশেম মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান এবং নইম উদ্দীন মন্ডল স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।

গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ওইদিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে।

চলতি বছর হজযাত্রী পরিবহনের ফ্লাইট কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত। এরপর ৩০ মে থেকে শুরু হবে হজ শেষে ফিরতি ফ্লাইট, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

সরকারি ব্যবস্থাপনায় এ বছর ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন।

সম্পর্কিত