সব বিমানবন্দর ও ট্রেনে ফ্রি ওয়াই-ফাই চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার
 ছবি: টেলিযোগাযোগ এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম
ছবি: টেলিযোগাযোগ এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম

দেশের সব বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং দূরপাল্লার ট্রেনে পর্যায়ক্রমে ফ্রি ওয়াই-ফাই সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

শনিবার (১১ এপ্রিল) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মানুষের দোরগোড়ায় আধুনিক ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এর অংশ হিসেবে দেশের চারটি ট্রেনে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে, যার মধ্যে দুটি ট্রেন কক্সবাজার রুটে চলাচল করছে।

তিনি আরও জানান, সরকারি হাসপাতালগুলোতেও পর্যায়ক্রমে বিনামূল্যে ওয়াই-ফাই চালুর কার্যক্রম চলছে।

সমুদ্র উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ও জেলেদের নিরাপত্তায় স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালু করা জরুরি। এতে ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা, জলদস্যুতা প্রতিরোধ এবং জরুরি যোগাযোগ আরও সহজ হবে।

পর্যটন খাত নিয়ে তিনি বলেন, কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলোকে ফ্রি ওয়াই-ফাইয়ের আওতায় আনার কাজ চলছে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে।

এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের পর্যটকদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ এবং শহর পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

সম্পর্কিত