১৮তম দিনে পর্দা নামছে অমর একুশে গ্রন্থমেলা-২০২৬ এর। নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়েই শেষ হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ এই বইমেলা।
রোববার (১৫ মার্চ) মেলার শেষদিনে পাঠক, লেখক ও দর্শনার্থীদের ভিড় হবে বলে আশা করছেন প্রকাশকরা। জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবারের গ্রন্থমেলা নির্ধারিত সময়ের চেয়ে পরে শুরু হয়। গত ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত মেলা চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এ বছরের মেলায় নতুন বই এসেছে দেড় হাজারের বেশি। তবে বিক্রি নিয়ে প্রকাশকদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। অনেক প্রকাশক জানিয়েছেন, প্রত্যাশার তুলনায় বই বিক্রি কম হয়েছে।
মেলার শেষদিনে বাংলা একাডেমিতে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
বিকেল ৩টায় শুরু হওয়া এ অনুষ্ঠানের মধ্য দিয়েই শেষ হবে অমর একুশে গ্রন্থমেলা-২০২৬।