ফ্যাসিস্ট সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন থানায় মোট ১ হাজার ৮৫৫টি মামলা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলামের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
আইনমন্ত্রী জানান, এসব মামলার মধ্যে হত্যা মামলা ৭৯৯টি এবং অন্যান্য ধারায় মামলা হয়েছে ১ হাজার ৫৬টি। ইতোমধ্যে ১৫৮টি মামলায় তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে, যার মধ্যে ৪৮টি হত্যা মামলা এবং ১১০টি অন্যান্য মামলা রয়েছে। এসব মামলার বিচার কার্যক্রম চলমান।
তিনি আরও বলেন, বাকি ১ হাজার ৬৯৭টি মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত একটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া হলেও পুলিশ বিভাগ দ্রুততম সময়ে প্রতিবেদন দাখিলের জন্য কাজ করছে। প্রতিটি মামলায় যথাযথ সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে, যাতে বিচারে কোনো দুর্বলতা না থাকে।
জামিন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এটি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রতিটি মামলায় সক্রিয়ভাবে জামিনের বিরোধিতা করছেন।
তিনি আরও বলেন, নৃশংস অপরাধের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যারা হত্যা, গুম, নির্যাতন ও পঙ্গুত্বের মতো অপরাধের সঙ্গে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে সরকার কাজ করছে।