সেউতার অভিবাসী ঢল নিয়ে কঠোর অবস্থান ট্রাম্প প্রশাসনের

আন্তর্জাতিক ডেস্ক
 ছবি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ছবি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মরক্কো থেকে শত শত অভিবাসী স্প্যানিশ ছিটমহল সেউতায় প্রবেশের ঘটনা নিয়ে নিজেদের অভিবাসনবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মরক্কোর উত্তর উপকূল থেকে সাঁতরে বহু নারী, পুরুষ ও শিশু সেউতায় প্রবেশ করেছেন। সেউতার প্রেসিডেন্ট হুয়ান ভিভাস জানিয়েছেন, গত কয়েক দিনে প্রায় এক হাজার ৫০০ অভিবাসী সেখানে প্রবেশ করেছেন, যা ২০২১ সালের পর সবচেয়ে বড় অভিবাসী প্রবেশের ঘটনা।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার। তিনি ভিডিওটি শেয়ার করে ডেমোক্র্যাটিক পার্টির অভিবাসন নীতির সমালোচনা করেন।

এক পোস্টে স্টিফেন মিলার দাবি করেন, অভিবাসন নিয়ে ডেমোক্র্যাটদের নীতির কারণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। একই সময়ে হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চিয়াং ফক্স নিউজের একটি প্রতিবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে বাইডেন প্রশাসনের অভিবাসন নীতির সমালোচনা করেন।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় ফেরার আগে অভিবাসনবিরোধী কঠোর অবস্থানকে নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান ইস্যু করেছিলেন। দায়িত্ব নেওয়ার পর তিনি বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছেন।

তবে ট্রাম্প প্রশাসনের এই কঠোর অভিবাসন নীতি নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। বিশ্লেষকদের মতে, অভিবাসন ইস্যুর প্রভাব আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে পড়তে পারে।

সূত্র: বাসস

সম্পর্কিত