কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৪। তবে মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ১ বলে জানিয়েছে।
সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় সকাল আনুমানিক ৭টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল কলম্বিয়ার চোকো বিভাগের সান হোসে দেল পালমার থেকে প্রায় ৫ কিলোমিটার পূর্বে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের শক্তিশালী কম্পন কলম্বিয়ার বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে। এমনকি কেন্দ্রস্থল থেকে দূরের এলাকাসহ দেশটির মূল ভূখণ্ডের বাইরে ভেনেজুয়েলা সীমান্তবর্তী এলাকাতেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
চোকো বিভাগের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোবা-কুরি জানিয়েছেন, ভূমিকম্পে বিভাগের রাজধানী কিবদোতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সেখানে স্থায়ী অবকাঠামোরও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে কর্তৃপক্ষ। পাশাপাশি সম্ভাব্য পরবর্তী কম্পনের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
দক্ষিণ আমেরিকার অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ কলম্বিয়া। একাধিক ভূত্বকীয় পাতের সীমানা এবং প্রধান ভূকম্পন রেখার কাছাকাছি অবস্থানের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়।