দক্ষিণ ফিলিপাইনের বাসিলান প্রদেশে ৩৫০ জনের বেশি আরোহী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং এখনো ২৮ জন নিখোঁজ রয়েছেন। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রোববার দিবাগত মধ্যরাতের পর জাম্বোয়াঙ্গা শহর থেকে দক্ষিণ সুলুর জোলো দ্বীপের দিকে যাত্রাকালে ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে। ফিলিপিন্স কোস্টগার্ড (পিসিজি) জানায়, জাম্বোয়াঙ্গা বন্দর ছাড়ার প্রায় চার ঘণ্টা পর ফেরিটি বিপদ সংকেত পাঠায়।
ফেরিটিতে মোট ৩৩২ জন যাত্রী এবং ২৭ জন ক্রু সদস্য ছিলেন। বাসিলান প্রদেশের উপকূল থেকে প্রায় এক নটিক্যাল মাইল (প্রায় দুই কিলোমিটার) দূরে গিয়ে ফেরিটি ডুবে যায়। কোস্টগার্ড জানিয়েছে, দুর্ঘটনার সময় আবহাওয়া অনুকূলে ছিল।
প্রাথমিকভাবে উদ্ধার করা অনেক যাত্রীকে নিকটবর্তী বালুক-বালুক দ্বীপে নেওয়া হয়। পরে আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ মিন্দানাও জেলার কোস্টগার্ড কমান্ডার রোমেল দুয়া বার্তা সংস্থা এএফপিকে জানান, এখন পর্যন্ত অন্তত ৩১৬ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। এ ছাড়া এখনো ২৮ জন নিখোঁজ রয়েছেন।
তিনি আরও জানান, ফেরি ডুবে যাওয়ার কারণ এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হবে। তবে ফেরিটি যাত্রার আগে কোস্টগার্ডের ছাড়পত্র পেয়েছিল এবং ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ফিলিপাইনে ঘন ঘন ঝড়, ফিটনেসবিহীন জাহাজ এবং অতিরিক্ত যাত্রী বহনের কারণে প্রায়ই ফেরি দুর্ঘটনা ঘটে। এর আগে শুক্রবার চীন যাওয়ার পথে একটি ফেরি ডুবে দুই ফিলিপিনো নাবিক নিহত হন এবং চারজন নিখোঁজ হন। তারও আগে গত সোমবার একটি জাহাজডুবির ঘটনায় অন্তত ছয়জন নিহত ও নয়জন নিখোঁজ হয়েছিলেন।