মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ দলটির কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন কংগ্রেস নেতারা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ অন্যান্য কংগ্রেস নেতাদের আটক করেন। পরে তাদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, তরুণ শিক্ষার্থীদের ওপর চালানো নৃশংসতার জবাব চাইতেই তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন।

তিনি অভিযোগ করেন, দেশের যুবসমাজের ভবিষ্যৎ ধ্বংস করার দায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর রয়েছে এবং এ ঘটনার জন্য তাদের পদত্যাগ করা উচিত।

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও শিক্ষা সংক্রান্ত ইস্যুতে সরকারের ভূমিকার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।

সম্পর্কিত