শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি নাকচ মোদি সরকারের

আন্তর্জাতিক ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতে মেডিক্যাল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি নাকচ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের কোনো সম্ভাবনা নেই এবং তিনি সরকারের পূর্ণ সমর্থন পাচ্ছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৬ জুন থেকে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। তবে সরকার স্পষ্ট জানিয়েছে, এ দাবি গ্রহণ করা হবে না।

প্রতিবেদনে আরও বলা হয়, আন্দোলনকারীদের প্রধান শর্তই ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা তাকে বরখাস্ত করা। কিন্তু সরকারের শীর্ষ পর্যায়ের সূত্র এ সম্ভাবনা সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে।

সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, সরকারের দৃষ্টিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নেওয়া সবচেয়ে সহজ সিদ্ধান্ত হতে পারত। তবে জনগণের দেওয়া ম্যান্ডেট বাস্তবায়নের দায়িত্ব থেকেই সরকার সমস্যার সমাধানে কাজ করবে।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি প্রত্যাখ্যানের পাশাপাশি পরীক্ষা পরিচালনাকারী সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) বিভিন্ন ত্রুটি ও সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে সরকার।

সরকারি সূত্র জানায়, এনটিএর বিভিন্ন সমস্যা চিহ্নিত করে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হচ্ছে। খুব শিগগিরই এসব সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এছাড়া প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত একাধিক চক্র ও গোষ্ঠীকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে সরকার। একই সঙ্গে এ ধরনের অপরাধ দমনে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে বলে উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত