প্রশ্ন ফাঁস ইস্যুতে মোদির ঘোষণা, পদত্যাগ দাবিতে অনড় সিজেপি

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চলমান বিক্ষোভের মধ্যে প্রথমবার সরাসরি বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশ্ন ফাঁসে জড়িতদের দ্রুত বিচারের জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নরেন্দ্র মোদি বলেন, দেশের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

তিনি বলেন, যারা তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এ জন্য দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় রয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। মোদির ঘোষণার পর সংগঠনটি চার শব্দের প্রতিক্রিয়ায় জানায়, ‘ধর্মেন্দ্র প্রধান মাস্ট রিজাইন’।

এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-ইউজি’র প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে গত ৩ মে নয়াদিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

বিক্ষোভে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। পাশাপাশি কংগ্রেস, আম আদমি পার্টি এবং শিবসেনাসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলও এ আন্দোলনে সমর্থন জানায়।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারের পদক্ষেপ নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।

সম্পর্কিত