ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে কনট প্লেস ও আশপাশের এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট ও মোবাইল পরিষেবা স্থগিত করা হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত যন্তর-মন্তরের চারপাশে প্রায় দেড় কিলোমিটার এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভের কারণে কনট প্লেস ও সংলগ্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গুজব বা উসকানিমূলক তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতেই সাময়িকভাবে মোবাইল পরিষেবা সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে দিল্লির বিভিন্ন এলাকায় নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে।