বেলুচিস্তানে ট্রেনে আত্মঘাতী হামলায় ২৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর সদস্য বহনকারী একটি ট্রেনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭০ জনেরও বেশি।

রোববার (২৪ মে) বেলুচিস্তানের রাজধানী কোয়েটা শহরের মধ্য দিয়ে যাওয়ার সময় রেললাইনের পাশে বিস্ফোরকভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটানো হয়। ঠিক তখনই ট্রেনটি ওই এলাকা অতিক্রম করছিল।

বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায় এবং আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাস্থলে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থলটি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা হওয়ায় সেখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ছিল। বিস্ফোরণে আশপাশের কয়েকটি ভবন এবং পার্ক করা এক ডজনের বেশি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ ঘটনাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ বলে নিন্দা জানিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দও হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, নিরীহ মানুষের ওপর এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক।

ঘটনার পর কোয়েটার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

এ হামলার দায় নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন বিএলএ স্বীকার করেছে। বেলুচিস্তান দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী সহিংসতার কারণে অস্থির একটি অঞ্চল হিসেবে পরিচিত।

 

সম্পর্কিত