২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুইজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে হাম সন্দেহে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৯৬ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৪ আগস্ট পর্যন্ত দেশে মোট এক লাখ ৩১ হাজার ৯৪৬ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ১২৩ জনের হাম রোগ নিশ্চিত হয়েছে। অন্যদিকে গত ১৫ মার্চ থেকে ৪ আগস্ট পর্যন্ত দেশে মোট ১৬ হাজার ৫৩১ জনের হাম রোগ নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে এক লাখ ১৪ হাজার ৩৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১০ হাজার ১৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুইজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৪ আগস্ট পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগে মোট ৭৫৩ শিশুর মৃত্যু হয়েছে।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। গত ১৫ মার্চ থেকে ৪ আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম রোগে মোট ৯৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

হাম রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণে স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করছে। রোগের বিস্তার রোধে আক্রান্তদের দ্রুত চিকিৎসা নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

সম্পর্কিত