সারাদেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৯৬ জন নতুন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন।
বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৮ জুলাই পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ১৮০ জন।
এ সময়ের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০৬ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। আর ১৫ মার্চ থেকে ৮ জুলাই পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩ হাজার ৭০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৮ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১ হাজার ২৭০ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৭ হাজার ৬২৮ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৮ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬৫২ জন শিশুর মৃত্যু হয়েছে।
তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ৮ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯৩ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।