গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯০৪ জনের মধ্যে সন্দেহজনক হাম রোগের তথ্য পাওয়া গেছে।
বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ২২ জুলাই পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার ৩৫২ জনে। এ সময়ের মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮৪১ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩৩ জন। আর গত ১৫ মার্চ থেকে ২২ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩ হাজার ৭৮ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৯ হাজার ২৯৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২২ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট ৭০৮ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। একই সময়ে নিশ্চিত হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা ৯৫ জন।