দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও সাত জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৩৬৩ জন। এছাড়া গত ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৪১৯ জনে।
একই সময়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ১৫৫ জন। আর ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা সাত হাজার ৩০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ১৬০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৪ হাজার ৯৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৯ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও এক জনের মৃত্যু হয়েছে। ফলে একই সময়ের মধ্যে নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৭০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং শিশুদের টিকার আওতায় আনতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।