দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। একই সময়ে নতুন করে দুই হাজার ১৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ হাসপাতালে ভর্তির রেকর্ড।
শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৯৬৭ জন। গত ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৫০৭ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৬৫ জন। ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা আট হাজার ৪৯৪ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ৩৮৯ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৫ হাজার ১১ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪২৬ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত নিশ্চিত হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ জনে।