দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০২ জনে। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪১ হাজার ৭৯৩ জন।
একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫৪ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ১৫১ জন।
মৃত্যুর হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মারা গেছেন ২ জন। আর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগে মোট ৫২ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে মারা গেছেন ১৫ জন। এ নিয়ে একই সময়ে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।