বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
ছবি: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বাংলাদেশে বিনা চিকিৎসায় কোনো নাগরিকের মৃত্যু হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে এবং কেউ অবহেলিত থাকবে না।

মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন অডিটোরিয়ামে মরহুম বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। বিনা চিকিৎসায় যেন কোনো মানুষ মারা না যায়, তা নিশ্চিত করতে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, প্রতিটি নাগরিকের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। চিকিৎসাসেবায় কোনো ধরনের বৈষম্য বা অবহেলা থাকবে না এবং সাধারণ মানুষ যেন সহজে প্রয়োজনীয় চিকিৎসা পেতে পারেন, সে লক্ষ্যে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে সাখাওয়াত হোসেন বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন। তাদের আত্মত্যাগের কারণেই আজকের বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, তিনি অনুষ্ঠানে চিকিৎসক হিসেবে নয়, একজন মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার হিসেবে উপস্থিত হয়েছেন। মুক্তিযুদ্ধের সময়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধারা অসীম ত্যাগ স্বীকার করেছেন।

অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, বিএমএ ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত