দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সারা দেশে ‘হোম-টু-হোম হেলথ স্ক্রিনিং’ (ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা) কার্যক্রম চালু করবে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানের লেক পার্কে ‘হাইজিন ফর হেলথ বাংলাদেশ’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের কোনো নাগরিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না। জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার লক্ষ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
তিনি জানান, সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে, যার ৮০ শতাংশই নারী। এসব নারী স্বাস্থ্যকর্মী বাড়ি বাড়ি গিয়ে নারীদের স্তন ক্যানসার ও জরায়ুমুখ ক্যানসার প্রাথমিকভাবে শনাক্ত করার পদ্ধতি সম্পর্কে সচেতন করবেন। এতে রোগের প্রাথমিক পর্যায়েই চিকিৎসা নিশ্চিত করা সহজ হবে।
মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যকর্মীরা বিশেষ স্বাস্থ্যসেবা সরঞ্জাম নিয়ে মানুষের বাড়িতে গিয়ে রক্তচাপ, ওজন, ডায়াবেটিস, লিপিড প্রোফাইলসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করবেন। এতে সাধারণ মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ পাবেন।
পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সুস্থ থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। একটি সুস্থ ও জ্ঞানভিত্তিক সমৃদ্ধ জাতি গঠনে জনসচেতনতা ও সুস্বাস্থ্যের গুরুত্ব অপরিসীম।
তিনি বলেন, দেশে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান জন্মদানের হার বাড়ছে। একই সঙ্গে অনেক ক্ষেত্রে নবজাতক জন্মের পর প্রয়োজনীয় মাতৃদুগ্ধ বা শালদুধ থেকে বঞ্চিত হচ্ছে। মায়েদের কর্মব্যস্ততা, অবহেলা এবং জীবনযাত্রার পরিবর্তনের কারণে মাতৃদুগ্ধ পান করানোর হার কমে যাচ্ছে, যা শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।
অনুষ্ঠানে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ সামানজার সাঈদ, গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, গুলশান সোসাইটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মৃধাসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।