২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৭৬ শিশু।

শুক্রবার (২৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬০৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ মিলিয়ে এ পর্যন্ত মোট ৭০২ শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১০৭ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৮৬৯ জন। এই সময়ে নতুন করে ৭৮৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ৮২৫ শিশু হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৬ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ হাজার ৫২২ জন। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৪৯ জনের।

একই সময়ে মোট ৮১ হাজার ২৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে তাদের মধ্যে ৭৭ হাজার ৬১৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

সম্পর্কিত