উপকূলবাসীকে রক্ষায় সবুজ বেষ্টনী সৃজন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং পর্যাপ্ত সাইক্লোন সেন্টার স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত ‘ভয়াল ২৯ এপ্রিল স্মরণে উপকূল বাঁচলে বাংলাদেশ বাঁচবে’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন,
প্রকৃতির সঙ্গে লড়াই করেই উপকূলীয় অঞ্চলের মানুষকে বেঁচে থাকতে হয়। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বন্যার মতো দুর্যোগ থেকে উপকূলকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ভৌগোলিকভাবে বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ অঞ্চল। ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় দেশের উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষতি সাধন করেছিল।
এ্যানি বলেন, বিএনপি সরকারের সময় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুর্যোগ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখা হয়েছিল।
তিনি আরও জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিকে পুনরুজ্জীবিত করা হচ্ছে এবং আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী-খাল-পুকুর ও জলাধার খননের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ২৫ কোটি বৃক্ষরোপণের মাধ্যমে উপকূলে সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।