ঈদের দিন পাঁচ বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

স্টাফ রিপোর্টার
 ছবি: দৈনিক নতুনচাঁদ
ছবি: দৈনিক নতুনচাঁদ

আগামী শুক্রবার বা শনিবার হতে পারে পবিত্র ঈদুল ফিতর। এ উৎসবকে ঘিরে নানা প্রস্তুতি চললেও দেশবাসীকে বৈরী আবহাওয়ার জন্যও প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন দেশের পাঁচটি বিভাগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আগামী ২০ ও ২১ মার্চ বৃষ্টি তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে ও পরে বৃষ্টি কিছুটা কম থাকলেও ঈদের দিন কালবৈশাখী ঝড়ের ঝুঁকি বেশি থাকতে পারে।

তিনি বলেন, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের উত্তরাংশে ঝড়ো হাওয়া, বজ্রপাতসহ কালবৈশাখী তাণ্ডব চালাতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (১৮ মার্চ) সকাল পর্যন্ত সিলেট বিভাগের কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ও শুক্রবার (২০ মার্চ) একই ধরনের আবহাওয়া থাকতে পারে বলে জানানো হয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে শনিবার (২১ মার্চ) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সম্পর্কিত