লক্ষ্মীপুরে বিএনপির ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ পরিচ্ছন্নতা অভিযান

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে বিএনপির পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন নেতাকর্মীরা। ছবি: দৈনিক নতুনচাঁদ
লক্ষ্মীপুরে বিএনপির পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন নেতাকর্মীরা। ছবি: দৈনিক নতুনচাঁদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান ঘোষিত ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে এক বিশাল পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৬ মে) দুপুরে পৌর শহরের ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় ঝটিকা পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এ সময় রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি সাধারণ মানুষকে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।

লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন বলেন, তারেক রহমানের নির্দেশনায় দেশের প্রতিটি শহরকে বাসযোগ্য ও সুন্দর রাখতে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি বলেন, শুধু পরিচ্ছন্নতা নয়, জনগণকে সচেতন করাও এ কর্মসূচির মূল লক্ষ্য। পর্যায়ক্রমে লক্ষ্মীপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও উপজেলায় এ কার্যক্রম চলবে।

তিনি আরও জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসে বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার বিষয়ে জনসচেতনতা তৈরি করা হচ্ছে।

অভিযানে উপস্থিত ছিলেন ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিন উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন, সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, জেলা ছাত্রদল নেতা জামাল হোছাইনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী ও সমর্থক।

নেতাকর্মীরা প্রধান সড়কের পাশাপাশি বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানেও গিয়ে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান এবং স্থানীয়দের মধ্যে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন। স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে স্বাগত জানিয়েছেন।

সম্পর্কিত