বৃষ্টির পরও ঢাকায় ভয়াবহ বায়ুদূষণ শীর্ষে

স্টাফ রিপোর্টার
 ছবি: ঢাকায় বায়ুদূষণ
ছবি: ঢাকায় বায়ুদূষণ

ছুটির দিনে যানবাহন ও কলকারখানার কার্যক্রম তুলনামূলকভাবে কম থাকার পরও ঢাকার বায়ুদূষণ ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার (৮ মে) বেলা ১১টায় বিশ্বের ১২৩টি নগরীর মধ্যে ঢাকা ছিল বায়ুদূষণে শীর্ষে।

আইকিউএয়ারের সূচকে ঢাকার বায়ুর মান ছিল ১৭৭, যা “অস্বাস্থ্যকর” হিসেবে বিবেচিত। এই সূচক নিয়মিতভাবে বিশ্বের বিভিন্ন শহরের বায়ুর মান পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক তথ্য প্রদান করে।

ঢাকার বিভিন্ন এলাকায় দূষণের মাত্রাও ছিল উদ্বেগজনক। বারিধারা পার্ক রোডে বায়ুমান ১৭৯, বেচারাম দেউড়িতে ১৭১, উত্তর বাড্ডার আবদুল্লাহবাগে ১৬৮, গুলশানের বে’জ এইজ ওয়াটারে ১৬৭, গুলশান লেক পার্কে ১৫৬ এবং ধানমন্ডিতে ১৫১ রেকর্ড করা হয়।

সাধারণত এপ্রিলের পর বৃষ্টি হলে ঢাকার বায়ুর মান উন্নত হয়, তবে চলতি মে মাসে বৃষ্টি হওয়ার পরও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলে জানায় পর্যবেক্ষণ সংস্থাটি।

আইকিউএয়ার নাগরিকদের বাইরে বের হলে মাস্ক পরা, অপ্রয়োজনে বাইরে ব্যায়াম না করা এবং ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে।

সম্পর্কিত