এসএসসি প্রশ্নফাঁসের নামে প্রতারণা, গ্রেপ্তার দুইজন

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস’ সংক্রান্ত ভুয়া তথ্য ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) র‌্যাবের যাত্রাবাড়ী ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১০ সদর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন।

র‌্যাব জানায়, গোয়েন্দা নজরদারিতে উঠে আসে একটি চক্র অনলাইনে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল। এরপর কেরানীগঞ্জ ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়।

এরই ধারাবাহিকতায় বুধবার (২৯ এপ্রিল) রাতে রাজধানীর কামরাঙ্গীরচরের হাসাননগর ঝাউলাহাটি এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মো. সাজেদুল ইসলাম সাইফ ও তাউসিফ রহমান রিসাদ।

অভিযানে তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও ৩ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা প্রায় ছয় মাস আগে ‘ব্যাট ম্যান ওয়াইল্ড’ ও ‘ব্যাট ম্যান’ নামে টেলিগ্রাম গ্রুপ খুলে প্রতারণা শুরু করে। পরে ফেসবুক ও টেলিগ্রামে এসএসসি প্রশ্নফাঁসের ভুয়া তথ্য ছড়িয়ে শিক্ষার্থীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা নেওয়ার চেষ্টা করত তারা।

র‌্যাব আরও জানায়, জব্দকৃত মোবাইল ফোন ও ডিভাইস বিশ্লেষণে প্রতারণার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

র‌্যাব কর্মকর্তা সোনালী সেন বলেন, এ ধরনের গুজব শুধু আইনবিরোধী নয়, এটি শিক্ষার্থীদের বিভ্রান্ত করে শিক্ষা ব্যবস্থার ওপর আস্থাও নষ্ট করে।

তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের গুজবে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান এবং সন্দেহজনক কার্যক্রম দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেন।

সম্পর্কিত