সাকিবসহ ১৫ জনের মামলার প্রতিবেদন পিছিয়েছে

স্টাফ রিপোর্টার
 ছবি: সাকিব আল হাসান।
ছবি: সাকিব আল হাসান।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজি, জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে আদালত। আগামী ২৩ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) মামলার তদন্তকারী সংস্থা দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবিরের আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।

দুদকের জিআর শাখার কর্মকর্তা আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় সাকিব আল হাসান ছাড়াও আসামি করা হয়েছে সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজি ফরিদ হাসান, জাভেদ এ মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির ও তানভীর নিজামকে।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিও হিসাবে অবৈধ লেনদেন, প্রতারণামূলক সক্রিয় বাণিজ্য, জুয়াসদৃশ লেনদেন ও অতিরিক্ত জল্পনার মাধ্যমে শেয়ারবাজারে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে বাজার কারসাজি করেছেন।

অভিযোগ অনুযায়ী, এ ঘটনায় সাধারণ বিনিয়োগকারীরা প্রতারিত হয়ে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, ক্ষতির পরিমাণ ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা।

এসব অভিযোগের ভিত্তিতে গত বছরের ১৭ জুন অর্থপাচার প্রতিরোধ আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করা হয়। আদালত এখন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন।

সম্পর্কিত