লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই ব্যক্তি। ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই ব্যক্তি। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে সাবেক এক ইউপি সদস্যসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৯৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়। এ সময় আবুল বাশারের বসতঘর থেকে ৫ নম্বর পার্বতীনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্য মকরধ্বজ এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ (৪৫)-কে আটক করা হয়।

অভিযানে তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৯৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। তবে বসতঘরের মালিক আবুল বাশার অভিযানের সময় কৌশলে পালিয়ে যান।

এরপর একই দিন বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে ডিবি পুলিশের আরেকটি দল সদর উপজেলার ৫ নম্বর পার্বতীনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্য মকরধ্বজ এলাকার হাকারী হাজীর নতুন বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালায়। সেখানে মো. দেলোয়ার হোসেন (৩৬) নামে আরও এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক দেলোয়ার হোসেন মধ্য মকরধ্বজ এলাকার মৃত সফিকউল্যাহর ছেলে। তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ আরও জানায়, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত