নাজমুল হত্যা মামলায় অজয় কর খোকন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুর এলাকায় মো. নাজমুল নামের এক যুবককে গুলি করে হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

এর আগে গত ৩০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. আখতারুজ্জামান সরকার অজয় কর খোকনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আদালতে শুনানির সময় অজয় কর খোকনকে হাজির করা হয়। এ সময় তার পক্ষে আইনজীবী ওবাইদুল ইসলাম তাকে গ্রেপ্তার না দেখানোর আবেদন জানিয়ে শুনানি করেন। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

আদালতে নেওয়ার পথে অজয় কর খোকন দাবি করেন, তার বিরুদ্ধে কোনো সাধারণ ডায়েরি বা মামলা ছিল না। তবুও একের পর এক মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তার আইনজীবী ওবাইদুল ইসলাম বলেন, আসামির বিষয়ে উচ্চ আদালতে রিট করা হয়েছিল। সেখানে আদালত ‘গ্রেপ্তার নয়, হয়রানি নয়’ মর্মে আদেশ দিয়েছিলেন। ওই আদেশের কপি সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হলেও পরে তাকে কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকায় আন্দোলনে অংশ নেন নাজমুল। ওই দিন বিকেলে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট তার মৃত্যু হয়।

এ ঘটনায় পরে হত্যা মামলা দায়ের করা হয়।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে অজয় কর খোকনকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

সম্পর্কিত