ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ এপ্রিল পর্যন্ত সময় পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার (২ এপ্রিল) মামলাটির পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে এদিন সিআইডি প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন। আদালত আগামী ১৯ এপ্রিলের মধ্যে পুনঃতদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এর আগে গত ১৫ জানুয়ারি মামলার চার্জশিটের বিরুদ্ধে নারাজি আবেদন করেন মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। বাদীপক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল আদালতে শুনানি করেন। শুনানি শেষে আদালত মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেন।
গত ৬ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় সশস্ত্র হামলার শিকার হন শরীফ ওসমান হাদি। মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা চলন্ত রিকশায় থাকা অবস্থায় তাকে গুলি করে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
পরবর্তীতে ২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়।
এ মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ইতোমধ্যে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।