পূর্বাচল প্লট মামলা: শেখ হাসিনাসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি

 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে করা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। এ মামলায় গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ১৮ জন আসামি। মামলার রায় ঘোষণার জন্য আগামী ২ ফেব্রুয়ারি তারিখ ধার্য করেছেন আদালত।

রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক রবিউল আলম এই দিনটি নির্ধারণ করেন।

মামলার আসামি খুরশীদ আলমের আইনজীবী শাহিনুর ইসলাম জানান, রোববার মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। এ কারণে মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি খুরশীদ আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর উপস্থিতিতেই মামলার যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়। যুক্তিতর্ক শেষে আদালত রায়ের দিন ঘোষণা করেন।

দুদকের অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার ও নানা অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ মোট ১৬ জনের বিরুদ্ধে গত বছরের ১৩ জানুয়ারি মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান।

পরবর্তীতে তদন্ত শেষে একই বছরের ১০ মার্চ মোট ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলার বিচার চলাকালে আদালতে ২৮ জন সাক্ষী সাক্ষ্য দেন।

এর আগে গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক রবিউল আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেন।

সম্পর্কিত