প্রতারণা মামলায় নোবেলের জামিন মঞ্জুর আদালতের

স্টাফ রিপোর্টার
 ছবি: নোবেল
ছবি: নোবেল

বিয়ের প্রলোভনে হেনস্তা, আপত্তিকর ছবি তৈরির চেষ্টা এবং প্রতারণার মাধ্যমে ১৩ লাখ টাকা আত্মসাতের মামলায় ‘সা রে গা মা পা’ খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৫ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পাঁচ হাজার টাকার মুচলেকায় তাকে জামিন দেন। আসামি পক্ষের আইনজীবী মো. ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২ এপ্রিল আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান নিশান জানান, বাদীর সঙ্গে বিয়ের শর্তে নোবেল জামিন পেয়েছিলেন। কিন্তু তিনি সেই শর্ত ভঙ্গ করে বিয়ে না করায় এবং টাকা ফেরত না দেওয়ায় জামিন বাতিলের আবেদন করা হয়।

শুনানি শেষে আদালত তার জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুনরায় শুনানিতে আদালত তার জামিন মঞ্জুর করেন।

গত ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করা হয় এবং আপসের শর্তে তাকে জামিন দেওয়া হয়েছিল।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৩ আগস্ট এক তরুণী নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, ছোট ভাই মাসুদ রানা এবং সহকারী মুনেম শাহ সৌমিকের বিরুদ্ধে মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়।

পিবিআই তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে ৭ জানুয়ারি পাঁচজনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে। এরপর ২ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

অভিযোগ অনুযায়ী, নোবেল প্রেমের সম্পর্কের আড়ালে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের আগস্ট থেকে গত বছরের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেন। পাশাপাশি বাদীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করা হয়, যেখানে অন্য আসামিরাও তাকে সহায়তা করেন।

সম্পর্কিত