দেলোয়ার হত্যা মামলায় মাসুদের ফের রিমান্ড

স্টাফ রিপোর্টার
 ছবি: মাসুদ উদ্দিন
ছবি: মাসুদ উদ্দিন

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

তৃতীয় দফায় ১১ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে পুনরায় চার দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন। রিমান্ড আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা মামলার তদন্তে সহায়ক হচ্ছে।

অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন, তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পুনরায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবর্ষণের ঘটনায় দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই তিনি মারা যান।

এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই নিহতের স্ত্রী মোছা. লিজা বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত ২৩ মার্চ রাজধানীর বারিধারা এলাকা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করা হয়।

সম্পর্কিত