মাসুদ উদ্দিনের বিরুদ্ধে ১১৯ কোটি আত্মসাৎ মামলায় গ্রেপ্তার আবেদন

স্টাফ রিপোর্টার
 ছবি: মাসুদ উদ্দিন চৌধুরী
ছবি: মাসুদ উদ্দিন চৌধুরী

মানব পাচার মামলার পর এবার ‘মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের’ অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে এ আবেদন করেন। বিচারক মঈনউদ্দীন চৌধুরী আসামির উপস্থিতিতে শুনানির জন্য আগামী ৯ এপ্রিল দিন নির্ধারণ করেছেন।

দুদক সূত্র জানায়, মাসুদ উদ্দিন চৌধুরী ‘ফাইভ এম ইন্টারন্যাশনাল’ নামের একটি রিক্রুটিং এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক। অভিযোগ রয়েছে, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সরকারি নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করে তিনি ও অন্যান্য আসামিরা ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, তারা পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেন। প্রায় ৭ হাজার ১২৪ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর ক্ষেত্রে পাসপোর্ট ও স্বাস্থ্য পরীক্ষার নামেও অতিরিক্ত টাকা নেওয়া হয়।

এর আগে গত ১১ মার্চ একই অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। এছাড়া মানব পাচার ও অর্থ আত্মসাতের আরেক মামলায় তাকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

গত সোমবার রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করলে ডিবি পুলিশ রিমান্ডের আবেদন করে এবং আদালত তা মঞ্জুর করেন।

এদিকে রিমান্ড শেষে আদালত থেকে কারাগারে নেওয়ার পথে বিক্ষুব্ধ জনতা তার ওপর ডিম ও ময়লা পানি নিক্ষেপ করে।

সম্পর্কিত